এইমাত্র পাওয়া

সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করতে হবে স্মার্ট ওয়েবসাইট

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ডিগ্রি স্তরের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্মার্ট ওয়েবসাইট তৈরির নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ওয়েবসাইট তৈরির নির্দেশনা জারি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

মঙ্গলবার (১১ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক ও কর্মচারীদের এমপিও-ভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করা সংক্রান্ত কর্মশালায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মচারীর সব ধরনের তথ্য থাকতে হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব সোনামনি চাকমা বলেন, ‘আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করার নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতর এই নির্দেশনা জারি করবে।’

কর্মশালায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার, সংশ্লিষ্ট সব আঞ্চলিক পরিচালকসহ প্রায় ৫৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.