শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপারের শূন্য পদ দ্রুত পূরণ না হলে অধ্যক্ষের বেতন-ভাতা বন্ধ করবে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। এছাড়া এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলে আলিম পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় করা না হলে এমপিও স্থগিতসহ অধ্যক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।
এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদান মনিটরিং ঠিকমতো করা সম্ভব হয় না। তাছাড়া প্রশাসনিক কাজের সমস্যা তৈরি হয়। কিন্তু অধ্যক্ষরা এ বিষয়ে গুরুত্ব দিয়ে শূন্য পদ পূরণে উদ্যোগ নিচ্ছেন না। ফলে শিক্ষার গুণগত মান বজায় রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত হয়েছে। দেশের এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানদের এসব শূন্য পদ পূরণে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট মাদ্রাসাপ্রধানদের এমপিও স্থগিত করাসহ অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষা অধিদফতর জানায়, এমপিওভুক্ত কামিল, ফাজিল, আলিম ও দাখিল স্তরের অনেক মাদ্রাসায় উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপার পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। প্রশাসনিক এসব গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা সত্ত্বেও পদ পূরণে কোনও উদ্যোগ নিচ্ছেন না প্রতিষ্ঠানপ্রধানরা। পদগুলো দীর্ঘদিন শূন্য থাকার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও মনিটরিং, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসাগুলোয় শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ এবং শিক্ষার গুণগতমান বজায় রাখার লক্ষ্যে এ ধরনের শূন্য পদ দ্রুত পূরণ হওয়া অত্যাবশ্যক। এছাড়া কিছু মাদ্রাসার এমপিওভুক্তির স্তর পরিবর্তন হলেও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ সমন্বয় কথা হচ্ছে না।
মাদ্রাসা শিক্ষা অধিদফতরের গত ৪ জুলাই দেওয়া নির্দেশনায় বলা হয়, যে সব মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহ-সুপারের পদ শূন্য রয়েছে সে সব মাদ্রাসায় আগামী তিন মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণের ব্যবস্থা নিতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও সর্বশেষ পরিমার্জন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এছাড়া এমপিওভুক্তির স্তর পরিবর্তন হওয়ার কারণে আলিম পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষ বা উপাধ্যক্ষ পদ সমন্বয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় আরও বলা হয়, এসব নির্দেশনা পালনে যেসব মাদ্রাসা ব্যর্থ হবে সেসব মাদ্রাসার অন্যান্য পদে নিয়োগের জন্য মহাপরিচালকের প্রতিনিধি মনোনয়ন পাদোন্নতি, উচ্চতর গ্রেড ইত্যাদি দেওয়া হবে না। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সুপারের এমপিও সাময়িক বন্ধসহ সব ধরনের আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হবে।
অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ সমন্বয়ের বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, দাখিল স্তরের মাদ্রাসার স্তর পরিবর্তন হয়ে আলিম পর্যায়ের মাদ্রাসায়ে উন্নীত হলে সুপার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান উপাধ্যক্ষের পদ করা হয় না। তাদের সহ-সুপার হিসেবে রাখা হয়। প্রতিষ্ঠানপ্রধানরা এই কাজ করে থাকেন। এই পদ সমন্বয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
