বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে আঘাত হেনেছে খুলনা উপকূলে। এটি এখন অনেকটা দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত রোববার দিনভর অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবারের আগে আবহাওয়া স্বাভাবিক হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস বলছে, ‘বুলবুলের’ বড় ধরনের আঘাত না এলেও দিনভর বৃষ্টিপাতের সঙ্গে হালকা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতেও। শনিবার আকাশ সারাদিনই ছিল মেঘাচ্ছন্ন, আর সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
শনিবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে রাজধানীতে। রোববার সকালেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। আজ ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি থাকায় রাজধানীর জনজীবন অনেকটা স্থবির রয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
