এইমাত্র পাওয়া

ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তিতে আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতক পর্যায়ে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হয়েছে। চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা ছাড়া মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েই ভর্তি হতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

বুধবার (৫ জুলাই) থেকে প্রয়োজনীয় সনদপত্রসহ সাদা কাগজে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান বরাবর আবেদন করতে হবে আগ্রহী শিক্ষার্থীদের। এ আবেদন করতে হবে ২৪ জুলাইয়ের মধ্যে। একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে প্রার্থীদের সরাসরি মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যাচাই-বাছাই করে ভর্তির সুপারিশ করা হবে।

খেলোয়াড় কোটায় এত দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে (আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম) শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। তবে এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। এর ফলে অনেকে অনিয়ম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এ অনিয়ম দূর করতে আনুষ্ঠানিক নীতিমালার আওতায় খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

যাঁরা ভর্তির আবেদন করতে পারবেন

ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হতে হবে। এ ছাড়া প্রার্থীদের গত তিন বছরের মধ্যে জাতীয় দল, জাতীয় ‘এ’ দল এবং বয়সভিত্তিক অনূর্ধ্ব ২৩, ২০, ১৯, ১৭ কিংবা ১৬ দলের সদস্য হয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, সাঁতার, টেনিস, দাবা, ক্যারমসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় র‍্যাঙ্কিং অনুযায়ী ১ থেকে ৫–এর মধ্যে থাকা প্রার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ২৩ বছর হতে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ইউনিটভিত্তিক ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্যের জন্য কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে কলা অনুষদের ডিন কার্যালয়, বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন কার্যালয়, ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন কার্যালয় এবং চারুকলা ইউনিটের ক্ষেত্রে চারুকলা অনুষদের ডিন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ ছাড়া ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.