নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা মহামারি শেষ হতে না হতেই শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের প্রভাবে বৈশ্বিক মন্দা চলছে। দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। সরকার অভ্যন্তরীণ সম্পদ থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় করতে পারেনি।
অর্থ সংকট দূর করতে এরই মধ্যে বিভিন্ন ঋণ ও অনুদান সংগ্রহে নেমেছে। সরকারি ব্যয় কমাতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করে বিদেশ ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অর্থ বিভাগের উপ-সচিব আনিসুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের বিদেশ ভ্রমণ, ওয়ার্কশপ, সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।
তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি অর্থায়নে এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার বৈদেশিক অর্থায়নের মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নে বিদেশ যাওয়া যাবে। বিদেশি সরকার, প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগীর অমন্ত্রণে ও সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত বৈদেশিক প্রশিক্ষণেও বিদেশ যেতে বাধা থাকবে না।
একই সঙ্গে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের গাড়ি, জাহাজ এবং বিমান কেনাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তবে ১০ বছরের অধিক পুরনো মোটরযান প্রতিস্থাপনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদনক্রমে ব্যয় নির্বাহ করা যাবে। পাশাপাশি পরিচালন বাজেটে আওতায় ভূমি খাতের অধিগ্রহণ বাবদ বরাদ্দ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে উন্নয়ন বাজেটের আওতায় এ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব অনুষ্ঠানিকতা প্রতিপালন করে অর্থ বিভাগের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
এছাড়াও উন্নয়ন ও পরিচালন বাজেটেও আওতায় বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট ও গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
