পরিবারের সঙ্গে ঈদ করা হলো না স্কুল শিক্ষকের

গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মেহেদী হাসান নয়ন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। পেশায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। এ ঘটনায় নাহিদ নামে এক আরোহীও আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭) সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো. রেজাউল করিম। নিহত মেহেদী হাসান জেলার সাদুলাপুর উপজেলার জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ান মো. রেজাউল করিম জানান, নিহত মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। সকালে পরিবারের সঙ্গে ঈদ করতে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মাঠের হাট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পিছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যান।

পরিদর্শক আরও জানান, স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নাহিদ গাইবান্ধা জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.