চট্টগ্রামঃ ঈদযাত্রায় চট্টগ্রামের দুর্গম দ্বীপ উপজেলা সন্দ্বীপের শিক্ষার্থীদের বিনা ভাড়ায় বাড়ি পৌঁছে দিচ্ছে হিউম্যান ২৪ নামের একটি সংগঠন। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সন্দ্বীপের শিক্ষার্থীদের কুমিরা-গুপ্তছড়া নৌরুট দিয়ে সোমবার ( ২৬ জুন) প্রথমযাত্রায় তাদের সন্দ্বীপ পৌঁছে দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামের হালিশহর থেকে শিক্ষার্থীদের বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা নেওয়া হয়। সেখান থেকে স্টিমারযোগে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছে দেওয়া হয়। চট্টগ্রাম থেকে মঙ্গল (২৭ জুন) ও বুধবার (২৮ জুন) আরও দুদিন এ কর্মসূচি চলবে।
শিক্ষার্থীদের ঈদযাত্রা উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রামের হালিশহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন হিউম্যান ২৪ এর প্রধান নির্বাহী সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, বিশিষ্ট সমাজকর্মী ও আওয়ামী লীগ নেতা গাজী মোহাম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শোয়াইব উদ্দিন হায়দার, তাহের-মনজুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, সন্দ্বীপ ইয়ুথ ক্লাবের সভাপতি মাহবুবুল মাওলা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নুরুল ইসলাম শিমুল।
এসময় সালেহ নোমান বলেন, সন্দ্বীপে যাতায়াত যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয়সাপেক্ষ। সে কারণেই শিক্ষার্থীদের বাড়ি ফেরায় কিছুটা স্বস্তি দেওয়ার জন্য বিনা মূল্যে ঈদযাত্রার আয়োজন করা হয়েছে।
গাজী আনিসুর রহমান বলেন, সন্দ্বীপের ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য এই আয়োজন সমাজসেবার অনন্য নজির হয়ে থাকবে।
মোহাম্মদ হাসিম নামে এক শিক্ষার্থী বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সন্দ্বীপের শিক্ষার্থীদের হাতে সময় নিয়ে চট্টগ্রাম শহরে আসতে হয়। চট্টগ্রাম শহরে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জানা গেছে, বিনামূল্যে ঈদযাত্রা সার্ভিস নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্রের তথ্য দিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে হয়। অফলাইনেও হালিশহরের নির্ধারিত দুটি ঠিকানায় নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।
কর্মসূচিতে সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূইয়া মিলটন এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ব্যবসায়ী আফতাব খান অমি।
গত ঈদুল ফিতরের সময় সন্দ্বীপের শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে যাতায়াত সেবার এই কর্মসূচি চালু করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
