এইমাত্র পাওয়া

এক মাদ্রাসা শিক্ষক অন্য মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীকে মারধর

পটুয়াখালীঃ জেলার বাউফলে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অন্য মাদ্রাসায় ঢুকে হাসান (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষকের নাম আলী আকবার (৪০)। তিনি নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা গ্রামের সেরাজ বিশ্বাস লাইজু বেগম নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক।

আহত শিক্ষার্থী হাসান একই ইউনিয়নের বড় ডালিমা গ্রামে বাইতুল হিকমাহ মডেল মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্র। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা মো. মফিজ গাজী বাদি হয়ে শিক্ষকের নামে বাউফল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে বাইতুল হিকমাহ মডেল মাদ্রাসার হেফ্জ বিভাগের ছাত্র হাসানের সঙ্গে বুধবার ( ২১ জুন) সকালে পাশের ছোট ডালিমা গ্রামের সেরাজ বিশ্বাস লাইজু বেগম নূরানী ক্যাডেট মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র মো. জাকারিয়ার (৭) মধ্যে হাতা-হাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেল চারটার দিকে সেরাজ বিশ্বাস লাইজু বেগম নূরানী ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. আলী আকবর বাইতুল হিকমাহ মডেল মাদ্রাসায় ঢুকে হাসানকে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে আহত করেন। এতে হাসানের কান ফেটে রক্তাক্ত হয়। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত শিশু হাসানের বাবা মো. মফিজ গাজী বলেন, ‘তার ছেলের অপরাধ থাকতে পারে, তাই বলে আরেক মাদ্রাসার শিক্ষক সন্ত্রাসী কায়দায় ছেলেকে মেরে রক্তক্ত করবে, এটা কেমন বিচার? এ কারণে আমি বাউফল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে সিরাজ বিশ্বাস ও লাইজু বেগম নুরানী ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মো. আলী আকবর জানান, ‘ আমি ওই বাচ্চাকে মারিনি। অভিবাবকের মত শাসন করেছি মাত্র।’

এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বশার বলেন, ‘এ বিষয়ে বুধবার রাতে লিখিত অভিযোগ পেয়েছি। আজ (বৃহস্পতির) বিকেলে সরেজমিন তদন্তে যাব এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.