নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর হবে না। জেএসসি ও জেডিসির পরিবর্তে বার্ষিক পরীক্ষা আয়োজন করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। পরীক্ষা শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ দেবে স্কুল ও মাদ্রাসা। তবে, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডের রেজিস্ট্রেশন করতে হবে।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিনসহ শিক্ষা প্রশাসনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভা শেষে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষা না হলেও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে। এই সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান করবে।
এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, ‘জেএসসি এবং জেডিসির আগের মতো বোর্ড পরীক্ষা হবে না। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদ দেবে। ধারাবাহিক মূল্যায়ন ও পরীক্ষা নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে। এর ভিত্তিতে ফলাফল দেওয়া হবে, সনদও দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
