হায়দরাবাদে বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে দেয়া হল না ছাত্রীদের

ঢাকাঃ বোরকা পরে আসায় এক দল ছাত্রীকে পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের হায়দরাবাদের এক কলেজের বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, তারা বোরকা খোলার পরই পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হয়।

শুক্রবার (১৬ জুন) হায়দরাবাদের একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই কলেজে পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে হাজির হয়েছিলেন এক দল ছাত্রী। সকলেই বোরকা পরে ছিলেন। অভিযোগ, পরীক্ষাকেন্দ্রে ঢুকতে গেলেই তাদের বাধা দেওয়া হয়। বলা হয়, বোরকা খুলে পরীক্ষায় বসতে হবে। আধঘণ্টা অপেক্ষা করার পর বোরকা খুলে পরীক্ষায় বসেন ছাত্রীরা।

এক ছাত্রী বলেন, “কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেন, আগামী কাল থেকে যেন বোরকা পরে কলেজে না আসি। এটি পরীক্ষার নিয়মের বিরুদ্ধে। এর পরই আমাদের অভিভাবকরা স্বরাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলির কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান। তিনি বলেন, বোরকা পরে পরীক্ষায় বসতে না দেওয়ার বিষয়টি ঠিক নয়।”

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই তেলঙ্গানার মন্ত্রী মহম্মদ মাহমুদ আলি শুক্রবার বলেন, “পুরো শরীর ঢাকা পোশাক পরা উচিত মহিলাদের।”

হায়দরাবাদের ওই কলেজের ঘটনা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “আমাদের নীতি ধর্মনিরপেক্ষ। প্রত্যেকেরই তার নিজের পছন্দ মতো পোশাক পরার অধিকার আছে। তবে ইউরোপের সংস্কৃতি অনুকরণ না করে হিন্দু এবং মুসলিম সংস্কৃতিকেই অনুসরণ করাই উচিত। বিশেষ করে ছোট পোশাক না পরা উচিত মহিলাদের। শরীর ঢাকা পোশাক পরাই শ্রেয়।”

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.