আলিমের ফরম পূরণে সর্বোচ্চ ফি ২ হাজার ৮৪০ টাকা

ঢাকাঃ চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ফি গুণতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের, যা ২ হাজার ৮৪০ টাকা। আর সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ ও মাহির বিভাগে শিক্ষার্থীদের আলিমের ফরম পূরণে ফি দিতে হবে ২ হাজার ৩৪০ টাকা। বোর্ড ফি, কেন্দ্র ফি ও ব্যবহারিক ফিসহ মোট এ ফি নির্ধারণ করে দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

গতকাল শুক্রবার রাতে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত আলিম পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বোর্ড বলছে, বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের মোট ফরম পূরণের ফি দিতে হবে ২ হাজার ৮৪০ টাকা। আর সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ ও মাহির বিভাগে শিক্ষার্থীদের ফি দিতে হবে ২ হাজার ৩৪০ টাকা। বোর্ড ফি, কেন্দ্র ফি ও ব্যবহারিক ফিসহ এ টাকার পরিমান নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, আলিম পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১১০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ২৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ১০০ টাকা অনিয়মিত ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদেরও ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আলিম পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৪৫০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থাপনার জন্য পত্র প্রতি ২৫ টাকা ফি দিতে হবে পরীক্ষার্থীদের।

জানা গেছে, এবারের আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে অনলাইনে শুরু হতে যাচ্ছে। বিলম্ব ফি ছাড়া ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। ৫ জুলাই মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ১৭ আগস্ট থেকে আলিম পরীক্ষা শুরু হবে।

বোর্ড বলছে, চলতি বছর আলিমের টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২১ জুন। বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। ২০২৩ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক পরীক্ষার্থীরা আগামী ৯ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি ১৭ জুলাই পর্যন্ত জমা দেয়া যাবে। ১৮ থেকে ২৩ জুলাই ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা হবে। সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফিসহ ফরম পূরণের ফি জমা দেয়ার শেষ তারিখ ২৪ জুলাই।

এর আগে ২০ জুন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনিয়মিত পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। এদিন জিপিএ উন্নয়ন ও এক বা দুই বিষয়ের পরীক্ষার্থী হিসেবে অংশগ্রণে ইচ্ছুক পরীক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ ৫ এর কম পাওয়া শিক্ষার্থীরা জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন এবং তাদের সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। তবে, ২০২২ খ্রিষ্টাব্দের অংশিক বিষয়ে ফরম পূরণ করে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন না। ৫ জুলাই মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে। মাদারাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘ইএফএফ’ অংশে মাদরাসার ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরীক্ষার্থীদের ফরম পূরণ করা যাবে।র 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.