ঢাকাঃ মাসিক ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধ করা এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও এর অধীন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী প্রায় ৫ শতাধিক চিকিৎসক।
মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের সামনে জড়ো হতে থাকেন চিকিৎসকরা। এরপর সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ উপাচার্যের কার্যালয় ভবনের নিচে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় চিকিৎসকরা ৫০ হাজার টাকা ভাতা দাবিসহ তিন দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে।
চিকিৎসকরা বলেন, ২০১৯-২০ সেশন থেকে নন-রেসিডেন্স কোর্সের ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ সেশনের স্টুডেন্টরা সেই ভাতা নিয়মিত পেলেও এর পরের বছর থেকেই তা অনিয়মিত হয়ে যায়। ২০২২-২৩ সেশনের নন-রেসিডেন্ট ডাক্তাররা ১২ মাসের মধ্যে মাত্র ৩ মাসের ভাতা পেয়েছে, বাকি ৯ মাসই বকেয়া। কোর্সে থাকাকালীন অন্য কোনো চাকরি, ডিউটি, চেম্বার ইত্যাদি করার অনুমতি না থাকায় এই কোর্সের ডাক্তাররা মানবেতর জীবনযাপন করছেন। একেবারেই শূন্য হাতে ধার-কর্য করে দিনাতিপাত করতে হচ্ছে ডাক্তারদের।
এদিকে, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা। কার্যালয়ের ভেতরে ভিসি অবস্থান করছেন বলে জানা গেছে।
এ সময় উপাচার্যের পক্ষ থেকে চিকিৎসকদের শান্ত করার চেষ্টা করা হলে তারা দাবি আদায় না হলে অবস্থানের ঘোষণা দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
