এইমাত্র পাওয়া

ঝালকাঠি: মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ মিছিল

ঝালকাঠিঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১৩ জুন) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সুনীল বরন হালদার, কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন কুমার, বিরেন চন্দ্র দাস, কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত আলী জমাদ্দার।

মানববন্ধনে বক্তারা বলেন,  দেশের সিংভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর দ্বারা। আমরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। একই ধরনের কাজ করেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।

তাঁরা বলেন, কোনো ধরনের সুবিধা না দিয়েই অবসরসুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ টাকা কেটে নিচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত কর্তনের প্রতিবাদে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত এটা বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষকরা জানান, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো-আইএলওর সুপারিশসমূহ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষাগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সরকারে কাছে জোর দাবি জানাই।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.