৩৭তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ৬১ জন প্রার্থী। নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছেন না তারা। যদিও এসব প্রার্থী সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত। তাদের ক্যাডার হওয়ার স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে।
বাদ পড়াদের অভিযোগ, ৩৭তম বিসিএসের ক্যাডারদের পদায়নের সাত মাস পেরিয়ে গেলেও বাদ পড়াদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন দেওয়ায় নিয়োগ দেওয়া হচ্ছে না। এদিকে মন্ত্রণালয় বলছে, বাদ পড়াদের বিষয়ে তারা পর্যালোচনা করছে, সেটি শেষ হলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩৭তম বিসিএসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ১ হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে সুপারিশ করে। এর প্রায় নয় মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করে। এতে বাদ পড়েন ৬১ জন।
বাদ পড়া প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে প্রশাসনে ১৩ জন, শিক্ষায় ১০ জন, পুলিশে দুজন, চিকিত্সক ১৪ জন, কৃষিতে দুই জনসহ অন্য ক্যাডারের কয়েকজন আছেন। তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা নেই। তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদনের কারণে চূড়ান্ত গেজেটে তাদের নাম আসেনি। বিসিএসে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তদের এসবি এবং ডিসি অফিসের মাধ্যমে তদন্ত করা হয়। এসব তদন্তে নিয়োগ বঞ্চিতদের সরকারবিরোধী রাজনৈতিক পরিচয় উল্লেখ থাকায় নিয়োগ আটকে যায়। বিসিএসে সুপারিশ পাওয়ার পর পরিবারে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু চূড়ান্ত প্রজ্ঞাপনে নাম না আশায় তাদের পরিবারে সংকট তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ইত্তেফাককে বলেন, ৩৭তম বিসিএসের গেজেটে যাদের নাম বাদ পড়েছে তারা গেজেটভুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন।সুত্র ইত্তেফাক
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
