এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে পিটিয়ে আহত, দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

সিলেটঃ জেলার ওসমানীনগরে পড়া না পারায় মো. রাহিম নামে এক শিশুকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে একটি মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা আবদুল জলিল বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলাটি করেন। তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত আসামিরা হলেন– মো. আসাউজ্জামান আসাদ (৪০) ও সাব্বির আহমদ (১৬)। তাঁরা ওসমানীনগরের গোয়ালাবাজার করনসী রোডের ইমাদাদিয়া হিফজুল কোরআন সেন্টারের শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশু রাহিম (১১) গত তিন বছর ধরে ওই মাদ্রাসায় পড়ালেখা করে আসছে। গত ২৮ মে সে নির্ধারিত পড়া না পারায় কাঠের লাঠি দিয়ে তাকে পেটান শিক্ষক আসাউজ্জামান আসাদ ও সাব্বির। এতে শরীরের বিভিন্ন স্থান ও মাথায় আঘাত পেয়ে রাহিম মাটিতে পড়ে গেলে শিক্ষক আসাদ তার হাতে থাকা লাঠি দিয়ে শিশুটির বাঁ হাতের কনুইয়ের ওপর আঘাত করলে হাড় ভেঙে যায়। খবর পেয়ে রাহিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আবদুল জলিল। ছেলেকে চিকিৎসা করিয়ে থানায় মামলা করেন তিনি।

আবদুল জলিল বলেন, সামান্য পড়া না পারায় তাঁর ছেলেকে শাসনের নামে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার বাঁ হাতের কনুইয়ের হাড় ভেঙে গেছে। শরীরসহ মাথায় শক্ত আঘাত রয়েছে।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আসাউজ্জামান আসাদ বলেন, পড়া না পারায় শাসন করতে সামান্য বেত্রাঘাত করা হয়েছে।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, আহত শিক্ষার্থীর বাবার অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.