বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর দেশান্তরকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। বিদ্যালয়টিতে বর্তমানে ৩০০ শিক্ষার্থী রয়েছে। ১৯৭৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনটি দূর থেকে দেখে বিষয়টি বোঝার উপায় নেই, ভেতরে গেলে চোখে পড়ে ছাদ ও দেওয়ালের পলেস্তারা খসে পড়ার চিত্র। আরসিসি পিলার ও গ্রেট বিমগুলোতে বিস্তৃত ফাটল। পিলার ও গ্রেট বিমগুলোর বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ে লোহার রড বেরিয়ে গেছে। ২০০০ সালে স্কুলটির নতুন ভবন নির্মাণ করা হয়। স্কুল ভবনটিতে ৪টি কক্ষের ২টিতে অফিস কক্ষ ও বাকি দুটি কক্ষের মাঝখানে কাঠের বেড়া দিয়ে ৪টি পাঠদান কক্ষ করা হয়েছে।
২০০০ সালের নির্মিত স্কুল ভবনটির ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় দায়সারা ভবন নির্মাণ করা হলে মাত্র ২৩ বছরেই ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবন জেনেও সেখানে ক্লাস নেওয়া হচ্ছে। পাঠদান কক্ষের সংকটের কারণে স্কুল ভবনের সিঁড়ির নিচে পাঠদান দেয়া হচ্ছে। এ কারণে সন্তানদের স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরাও।
অভিভাবকরা বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়ে ভয়ে থাকতে হয়। কাছাকাছি ভালো কোনো স্কুল না থাকায় এই ঝুঁকিপূর্ণ ভবনেই সন্তানদের পড়ালেখা করতে পাঠাতে বাধ্য হচ্ছেন। ছেলে-মেয়েরা ভবনে সমস্যার কারণে এখন লেখাপড়া করে সিঁড়ির নিচে।
কথা হয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে। তারা বলেন, আমাদের স্কুল ভবনের বারান্দাটির মাঝখান থেকে ফেটে গিয়ে দেবে গেছে। ভবনের সামনের পিলারগুলো পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ক্লাস কক্ষ না থাকায় আমরা সিঁড়ির নিচে লেখা পড়া করে আসছি। বর্তমানে প্রচণ্ড গরম সিঁড়ির নিচে ফ্যান নেই অনেক সময় গরম আর ঘামে আমরা অসুস্থ হয়ে পড়ি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, বিদ্যালয়টি এমপিওভুক্তর পর আমরা নতুন একটি একাডেমিক ভবনের জন্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করি। এরপর ২০০০ সালে নতুন ভবন নির্মাণ হলেও সেটা এখন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রতিবছর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। আমাদের পাঠদান কক্ষের সংকট রয়েছে। এখন কক্ষ না থাকায় সিঁড়ির নিচে ছাত্র ছাত্রীদের পাঠদান করাচ্ছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যাতে আমাদের বিদ্যালয়ে একটি নতুন ভবন দেয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
