ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়া হলেও বন্ধ হচ্ছে না দেশের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও অন্যন্য স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরা ৮ জুন পর্যন্ত ছুটি পাবে।
সোমবার (৫ জুন) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস বন্ধ থাকলেও বেসরকারি কিন্ডারগার্টেন, মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস বন্ধ করা হয়নি। গরমের কারণে বিদ্যালয় ক্লাস বন্ধ করা হলে কেন তা সবার জন্য করা হবে না, এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সোমবার জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মাধ্যমিকের শিক্ষার্থীরা বয়সে প্রাথমিক শিক্ষার্থীদের চেয়ে কিছুটা বড়। এছাড়া ৭ জুন থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন শুরু হচ্ছে। এরপর মূল্যায়ন হবে অষ্টম, নবম ও দশম শ্রেণিতেও। সামনে ঈদের ছুটি রয়েছে। এর আগে মূল্যায়ন শেষ করতে হবে। সবমিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুব টাইট শিডিউলের মধ্যে রয়েছে।
মহাপরিচালক জানান, তবে যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শাখা সংযুক্ত আছে (সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়) সেসব শিক্ষার্থীরা বৃহষ্পতিবার পর্যন্ত ছুটি পাবে। তাদের এ সময়ে বিদ্যালয়ে আসতে হবে না। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে নির্দেশনা দেয়া হচ্ছে।
অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মাধ্যমিক বিদ্যালয়গুলো গরমের কারণে ছুটি দেয়া না হলেও এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের জন্য বেশ কিছু নির্দেশনা কিছুক্ষণের মধ্যে পাঠানো হচ্ছে। এসব নির্দেশনার মধ্যে রয়েছে- বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত এসেম্বলি ও পিটি-প্যারেট করানো যাবে না। বিদ্যালয়ের মাঠে কোনো কাজে ছাত্রছাত্রীদের পাঠানো যাবে না। মাঠে খেলাধুল করা থেকে তাদের বিরত রাখতে হবে। তাদেরকে পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করা হবে।
সারাদেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোতে এক কোটি ৪০ লাখের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। এ বিদ্যালয়গুলো প্রায় চার লাখ শিক্ষক-শিক্ষিকা কর্মরত। এসব বিদ্যালয়ে ক্লাস বন্ধ। তবে সরকারি বেসরকারি মিলিয়ে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৯ হাজার। এর মধ্যে এমপিওভুক্ত ১৭ হাজার। আর নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ২২ হাজার।
সোমবার আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। প্রচণ্ড গরম আরো পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
