এইমাত্র পাওয়া

শিক্ষায় বরাদ্দ বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে ৬ হাজার ৭১৩ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। আগামী অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ থাকছে ৮৮ হাজার ১৬২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে শিক্ষাখাতে এ বরাদ্দের পরিমাণ ছিল ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে শিক্ষাখাতের এ বরাদ্দের তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তিনি এ বাজেট পেশ শুরু করেছেন। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

সংসদে অর্থমন্ত্রী জানান, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে (মাউশি) আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা।

অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬০২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে যা ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.