চুয়াডাঙ্গাঃ জেলার আলমডাঙ্গায় এসএসসির কৃষিশিক্ষা বিষয়ের খাতা বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৮ মে) আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি জানান পর ওই কেন্দ্রের হল সুপারসহ পুলিশ আল-আমিনের বাড়িতে গিয়ে খাতা উদ্ধার করেছে।
হল সুপার ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, পরীক্ষা শেষে সবার অগোচরে আল-আমিন খাতা নিয়ে বাড়িতে চলে যান। বিষয়টি শনাক্ত করে আল-আমিনের বাড়ি থেকে পুলিশ নিয়ে খাতা উদ্ধার করি। আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও কেন্দ্রে দায়িত্বে থাকা একাধিক শিক্ষক জানান, আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় সবার চোখ ফাঁকি দিয়ে আল-আমিন তার পরীক্ষার খাতা নিয়ে বাড়িতে চলে যান। পরীক্ষা শেষে খাতা গণনার সময় একটি খাতা কম পাওয়ায় কেন্দ্রজুড়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি জানানো হয় পুলিশকে। পরে জানা যায় আল-আমিন পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে চলে গেছেন। পুলিশ বাড়ি থেকে পরীক্ষার খাতা উদ্ধার করে। এ ঘটনায় আল-আমিনকে বহিষ্কার করা হয়। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ডিউটি থেকে বহিষ্কার করা হয় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল হক ও হাবিবুর রহমানকে।
এ বিষয়ে জানতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রনি আলম নূর বলেন, পরীক্ষার খাতা জমা না দিয়ে বাড়িতে নেওয়ার কারণে এক পরীক্ষার্থী ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
