এইমাত্র পাওয়া

বাইক থেকে ছিটকে বাসচাপায় কলেজ ছাত্রী নিহত

রাজধানীর চানখারপুলে মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে বাসচাপায় মনিষা বর্মন অথৈ (২১) নামে ঢাকা মহানগর মহিলা কলেজের ছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক তার বন্ধু গালিব (২২)। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পথচারী টিটু মিয়া জানান, তারা একটি পালসার মোটারসাইকেল চালিয়ে চানখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভারে উঠছিল। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদের অতিক্রম করায় তারাও তাদের মোটরসাইকেলের গতি বাড়ায়। তখন তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ওপর দিয়ে চলে যায়। সঙ্গে মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

হতাহতদের বন্ধু রাব্বি জানান, তাদের দুজনের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মনিষা বর্মন অথৈ। গালিব কবি নজরুল কলেজ থেকে ইন্টার পাস করেছে কয়েকবছর আগে। সন্ধ্যায় তারা টিএসসি মোড় থেকে আড্ডা দিয়ে বাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল করে চানখারপুল দিয়ে ফ্লাইওভারে ওঠে। তখনই দুর্ঘটনার শিকার হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন। আর গালিবের দুই হাত-পাসহ শরীরের বেশকিছু জায়গায় আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.