এইমাত্র পাওয়া

নকলে সহায়তা করায় তিন শিক্ষকের জেল-জরিমানা

বরিশালের উজিরপুর উপজেলায় জেএসসি পরিক্ষায় নকলের সহায়তা করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে এক শিক্ষকের ৭ দিনের কারাদণ্ড ও দুই শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার দুপুরে দণ্ডাদেশপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান ও শিল্পী সরকার। বিকেলে শিক্ষক আবুল কালামকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুব উল্লাহ মজুমদার।

উজিরপুর মডেল থানার এসআই বশির উদ্দিন সিকদার বলেন, ইংরেজি ১ম পত্র পরিক্ষায় বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হারতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় বানারীপাড়া উপজেলার চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ পরিক্ষার্থীদের নিজ হাতে লিখে দেয়ার সময় তাকে হাতে-নাতে ধরে পুলিশে সোপর্দ করেন।

ওই শিক্ষককে সহযোগিতা করার অপরাধে সাতলা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও হারতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক শিল্পী সরকারকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নেয়া হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত আবুল কালাম আজাদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হাফিজুর রহমান ও শিল্পী সরকারকে নগদ ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাজা ঘোষণা করার সময়ে অভিযুক্ত শিক্ষক আবুল কালাম আজাদ সকলের উপস্থিতিতে বলেন, হারতা পরীক্ষা কেন্দ্রে প্রতি বছরেই পরীক্ষায় এ ধরনের ঘটনা হয়ে থাকে। এটা নতুন কিছু নয়। বিকেলে দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.