স্কুলছাত্রীকে রোদে দাঁড় করিয়ে অমানবিক শাস্তি শিক্ষকের

চুয়াডাঙ্গাঃ জেলায় এক স্কুলছাত্রীকে রোদে দাঁড় করিয়ে অমানবিক শাস্তি দিয়েছেন এক শিক্ষক। লেখা ভুল করার অপরাধে ওই ছাত্রীকে রোদে দাঁড়িয়ে জিভ বের করে সূর্যের দিকে তাকিয়ে থাকতে নির্দেশ দেন শিক্ষক নদীয়া মণ্ডল। প্রায় আধঘণ্টা এ অবস্থায় থাকার পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে স্কুলছাত্রী রুবাইয়া খাতুন।

বুধবার সকালে দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা আশীর্বাদ এজি স্কুল অ্যান্ড হোস্ট সেন্টারে এ ঘটনা ঘটে। স্কুলছাত্রী রুবাইয়া খাতুনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে স্কুলছাত্রীর পিতা শাহীন হোসেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পঞ্চম শ্রেণির ছাত্রী রুবাইয়া (১১) বুধবার সকালে স্কুলে যায়। ওই দিন বিদ্যালয়ের অতিথি শিক্ষক নদীয়া মণ্ডল ক্লাসে চিঠি লিখতে বলেন। চিঠি লেখা ভুল হওয়ায় নদীয়া মণ্ডল তাকে প্রখর রোদে সূর্যের দিকে মুখ করে জিভ বের করে আধাঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এ ঘটনায় শিশুছাত্রী রুবাইয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তাকে পরদিন বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। পরে তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। সে ঠিকমতো কথা বলতে পারছিল না। এ অবস্থায় পুনরায় শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই ভর্তি রয়েছে রুবাইয়া।

রুবাইয়ার পিতা শহীন হোসেন যুগান্তরকে বলেন, আমার মেয়েকে দেড়ঘণ্টা ধরে শাস্তি দিয়েছেন নদীয়া মণ্ডল। আমি তার শাস্তি চাই। এজন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।

এ ব্যাপারে এজি স্কুলের প্রধান শিক্ষক মিতালী মণ্ডল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা প্রশিক্ষণে ছিলাম। এজন্য নদীয়া মণ্ডল নামের এক অতিথি শিক্ষককে ওই দিন স্কুলের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। তিনিই এমন কাণ্ড ঘটিয়েছেন। আমরা শিশুটিকে হাসপাতালে দেখতে এসেছি। অভিভাবকদের কাছে এমন ভুলের জন্য ক্ষমা চাই।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, আমি ছুটিতে আছি। ডাক ফাইলে শিশুটির বাবা অভিযোগ করেছেন। আমি সোমবার অফিসে গিয়ে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.