এইমাত্র পাওয়া

অধ্যক্ষকে পুকুরে, সেই ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার

রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সকল কার্যক্রমও স্থগিত করা হয়েছে।

রোববার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ার খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের আবেদনের প্রেক্ষিতে গত ২ অক্টোবর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাক্ষের সাথে অপ্রীতিকর ঘটনার দায়ে ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামাল হোসেন সৌরভ (যুগ্ম সাধারণ সম্পাদক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট) কে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো এবং সেই সাথে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে গত শনিবার রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগের এক জরুরি সভায় অভিযুক্ত সৌরভকে স্থায়ী বহিষ্কার ও প্রতিষ্ঠাটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত চেয়ে কেন্দ্রে সুপারিশ করা হয়। ওই জরুরি সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন অধ্যক্ষ নিজেই। তিনি বলেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা অন্যায় দাবি নিয়ে আসত আমার কাছে। সে সব দাবি না মানায় তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। তাদের দাবিগুলো মানার মতো না।’

উল্লেখ্য, শনিবার দুপুর দেড়টার দিকে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদকে ধরে নিয়ে ১২ থেকে ১৫ ফুট গভীরের পুকুরের পানিতে ফেলে দেয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.