এইমাত্র পাওয়া

কেন্দ্রে অসুস্থ হয়ে দাখিল পরীক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জঃ জেলার সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই দারুস সালাম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে মাহমুদুল হাসান (১৭) নামে এক দাখিল পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের কিছুক্ষণ পরে বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও অভিভাবকরা তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহমুদ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

পঞ্চসার দারুসুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল বাসার বলেন, ‘অন্যদিনের মতো আজও মাহমুদুল সকাল সাড়ে ৯টায় কেন্দ্রে প্রবেশ করে। হঠাৎ কিছু ছাত্র এসে জানায়, মাহমুদ অসুস্থ, কথা বলার সময় মাথা ঘুরে পড়ে গেছে। তখন আমরা মাথায় পানি দিয়ে পালস দেখে ভালো মনে না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতাল থেকে চিকিৎসক জানিয়েছেন সে মারা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. এস এম ফেরদৌস হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ওই শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, সে দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিল। তার চিকিৎসা চলছিল।

এদিকে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, একই কেন্দ্রে শ্রাবন্তী আক্তার ও মরিয়ম আক্তার নামে আরও দুই শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার পরীক্ষা কেন্দ্রে গেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৫/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.