ঢাকাঃ দেশের চারটি জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ (৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং বাকি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বুধবার (১০ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সারা দেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী তিন দিন পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুর ও রাজারহাটে ২২.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আজ সকাল ৬টায় প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর-উত্তরপশিচম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
