ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার মানোন্নয়নে আটটি দাবি উত্থাপন করেছেন অধ্যক্ষরা।
শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবিগুলো লিখিত আকারে পেশ করেন তারা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।
অধ্যক্ষরা মন্ত্রীকে বলেন, ‘দেশের কলেজগুলোর উন্নয়নে সরকার কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিইডিপি) গ্রহণ করেছে। কিন্তু সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর ওই প্রকল্প থেকে বাদ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’
পরে তারা দুই পৃষ্ঠার লিখিত একটি চিঠি শিক্ষামন্ত্রীকে হস্তান্তর করেন। এতে আটটি দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো –
১. কলেজগুলোর বৈজ্ঞানিক ও কম্পিউটার ল্যাবরেটরি আধুনিকীকরণ।
২. জরুরিভিত্তিতে ভবনগুলো উন্নয়ন ও সংস্কার।
৩. অধ্যক্ষ ও শিক্ষকদের মান উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সিইডিপি প্রকল্পে অন্তর্ভুক্তকরণ।
৪. শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা যথাসময়ে অংশগ্রহণ নিশ্চিতকরণ।
৫. নিরাপত্তার স্বার্থে কলেজগুলোতে পর্যাপ্তসংখ্যক বা কমপক্ষে পাঁচটি বাস সরবরাহ।
৬. সংযুক্ত বা প্রকল্পের মাধ্যমে কলেজগুলোতে পর্যাপ্তসংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ।
৭. ক্যাম্পাসে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা।
৮. বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা। এ ক্ষেত্রে বরাদ্দ বা ছাত্রদের কাছ থেকে আদায়ের নির্দেশনা প্রদান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল