এইমাত্র পাওয়া

ইবিতে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজ বুধবার থেকে শুরু হবে। চলবে ২১ মে পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ২১ মে পর্যন্ত এই অনুষদের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও কলা অনুষদভুক্ত আরবি ভাষা এবং সাহিত্য বিভাগের সমন্বয়ে আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৩২০ আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এমসিকিউ পদ্ধতিতে মোট ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। আবেদনকারীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৮, ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) প্রকাশিত ভর্তি সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার ৩৫০ টাকা যা মোবাইল/অনলাইন ব্যাংকিংয়ের (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রত্যেক আবেদনকারী কেবল ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা (Foreign Students Admission Ordinance) অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.