আবাসন সংকটে ক্ষুব্ধ বুটেক্স শিক্ষার্থীরা

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোতে অবৈধ শিক্ষার্থীদের অবস্থান ও রুম দখলদারিত্বে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

জানা গেছে, বুটেক্সে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবাসিক হলে সিট বরাদ্দ না পেলেও দ্বিতীয় বর্ষ থেকে পেয়ে থাকেন। কিন্তু গেল কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তীব্র আবাসন সংকটে আছেন। বিশ্ববিদ্যালয়ের জিএমএজি ওসমানী হলে দেখা যায়, প্রথম বর্ষ (৪৮তম ব্যাচ) বা দ্বিতীয় বর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থীরা কেউই হলে সিট বরাদ্দ পাননি। তৃতীয় বর্ষের (৪৬তম ব্যাচ) প্রায় ৪০ শিক্ষার্থী এলটমেন্ট নিয়ে এবং বিনা এলটমেন্টে অর্ধশতাধিক শিক্ষার্থী হলের গণরুমে এবং কয়েকটি রুমে থাকছেন।

হল প্রশাসন চলমান তিনটি ব্যাচকে আবাসন সুবিধা দিতে না পারায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা গেছে। তাদের দাবি, হলে রুম দখলদারিত্ব, ছাত্রত্ব শেষ, এমন শিক্ষার্থীদের হলে অবস্থান, পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর অবস্থানসহ বিভিন্ন কারণে শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন।

হলে সিট বরাদ্দ না পাওয়া ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে কষ্ট করে এক বছরের বেশি সময় ধরে হলের বাইরে থেকে খরচ জুগিয়ে যাচ্ছি। ঢাকা শহরে এত খরচ করে বাইরে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হল প্রশাসনের কাছে অনুরোধ, শিক্ষার্থীদের দ্রুততম সময়ে যেন হলে সিট বরাদ্দ দেওয়া হয়।

৪৬তম ব্যাচের আরেক শিক্ষার্থী বলেন, ২ থেকে ৩ মাস আগে হলের গণরুমে উঠেছিলাম, পড়াশোনার জন্য কোনো ব্যবস্থা সেখানে নেই। পরে আবার ব্যাচেলর রুম ভাড়া নিয়ে উঠেছি।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম হলের চিত্র আরও ভয়াবহ। সেখানে ৪৮তম, ৪৭তম এবং ৪৬তম ব্যাচেরও কোনো এলোটমেন্ট হয়নি। বিনা এলটমেন্টে থাকছেন ৪৬তম ব্যাচের ১৮ থেকে ২০ শিক্ষার্থী এবং ৪৭তম ব্যাচের ১০ শিক্ষার্থী। এদিকে ৪ মাস ধরে হল প্রভোস্টদের হলে সিট বরাদ্দ, অবৈধদের হল ত্যাগে বাধ্য করা এ ছাড়া উল্লেখযোগ্য কোনো কার্যক্রম সম্পন্ন করেত দেখা যায়নি।

এ বিষয়ে জানতে জিএমএজি ওসমানী হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল ইসলাম চৌধুরীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়র


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.