রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে মহানগর ছাত্রলীগের এক সভায় সৌরভকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা কামাল হোসেন সৌরভ কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, সৌরভকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে রাতেই পাঠানো হয়েছে।
সেই সঙ্গে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের কার্যক্রমও স্থগিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ঘটনা তদন্তে ছাত্রলীগের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন অধ্যক্ষ নিজেই।
উল্লেখ্য, শনিবার দুপুর দেড়টার দিকে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহম্মেদকে ধরে নিয়ে ১২ থেকে ১৫ ফুট গভীরের পুকুরের পানিতে ফেলে দেয়।
তিনি বলেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের ছেলেরা অন্যায় দাবি নিয়ে আসত আমার কাছে। সে সব দাবি না মানায় তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। তাদের দাবিগুলো মানার মতো না।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল