ধারের টাকা ফেরত চাওয়ায় খুন কলেজছাত্র

ঢাকাঃ রাজধানীর তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যা মামলায় তার বন্ধু শান্ত আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় শান্তর বন্ধু আবু সিদ্দিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার ইন্সপেক্টর এনামুল হক খন্দকার দুই আসামিকে আদালতে হাজির করেন। তাদের মধ্যে শান্ত স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য এবং আবু সিদ্দিকের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন আসামি শান্তর জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আসামির আবু সিদ্দিকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

ইট-বালুর ব্যবসার জন্য বন্ধু শান্তকে দুই লাখ টাকা দিয়েছিলেন ইকরাম হোসেন মোল্লা (২২)। বিনিময়ে প্রতি মাসে তাকে হাত খরচার টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু ছয় মাস আগে টাকা দিলেও কোনো হাত খরচ পাননি ইকরাম। উল্টো নেশাগ্রস্ত হয়ে ব্যবসা লাটে উঠার দশা শান্তর।

অন্যদিকে, টাকা চাওয়ায় ক্ষিপ্ত হন শান্ত। তিনি আরেক বন্ধু আবু সিদ্দিককে সঙ্গে নিয়ে ইকরামকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ বলছে, পরিকল্পনা করেই নৃশংসভাবে হত্যা করা হয় ইকরামকে। তার চোখ তুলে ফেলা হয়েছিল। পরে ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল মরদেহ।

এ ঘটনায় খিলক্ষেত থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা কবির হোসেন মোল্লা। মামলায় বাদী অভিযোগ করেন, ‘গত ৪ মে রাত ৮টা থেকে পরদিন দুপুর ১টার মধ্যে যেকোনো সময় আমার ছেলে ইকরাম হোসেন মোল্লাকে (২২) হত্যা করা হয়েছে। মরদেহ গুম করার উদ্দেশ্যে বসুন্ধরা বালুর মাঠ সংলগ্ন ডোবার পশ্চিম কিনারে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। মামলায় তিনি বন্ধুদের সঙ্গে টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধের বিষয়টি উল্লেখ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.