এইমাত্র পাওয়া

নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

বরগুনাঃ জেলার নিখোঁজের দুইদিন পর রিপা আক্তার (১২) নামে ৭ম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রিপা আক্তার বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার (২রা মে) রাতে রিপা নিখোঁজ হয়। পরে এ ঘটনায় বুধবার পরিবারের পক্ষ থেকে বরগুনা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

এ বিষয়ে রিপার বাবা শাহজাহান হাওলাদার বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। আমার মেয়ে নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে।

রিপার মামা জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশী রাজা মৃধার মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল আমার ভাগ্‌নি। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই বাড়িতে সে অবস্থান করছিল। রাত ৯টার দিকে ভাগ্‌নিকে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে।

রাতভর খুঁজেও হদিস না মেলায় পরদিন বুধবার বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও অভিযুক্ত আল আমিন ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হেয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে সে মারা গেছে। পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.