এম. পলাশ শরীফ, বাগেরহাটঃ জেলার মোরেলগঞ্জে কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশপত্র আটকিয়ে টাকা আদায়ে ব্যর্থ হয়ে ঐ পরীক্ষার্থীদেরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সেতারা-আব্বাস টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার।
এ বিষয়ে ভূক্তভোগী পরীক্ষার্থীরা গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের সাথে হুমকির প্রমান হিসেবে রুঢ় মেজাজে অধ্যক্ষের কথোপকথনের অডিও ভয়েস রেকর্ডের কপিও দাখিল করেছেন ছাত্ররা।
ভয়েস রেকর্ডে অধ্যক্ষ জেসমিন আক্তারকে বলতে শোনা গেছে,‘আমি সৎ পথে আছি। আমাকে ধরার ক্ষমতা কারো নেই। ওরা (ছাত্ররা) আমার পা ধরবে, মাফ চাইবে, টাকা দিবে এরপরে আমি ক্ষমা করবো। আমি প্রত্যেকটা হলে গিয়ে টিচারদের বলমু এদের সমস্যা আছে। তোরা এখন দল বাইন্ধা যাইয়া আমার বিরুদ্ধে দেওয়া অভিযোগ উঠাইয়া আনবি। এখন সবাই লিখিত দিবি আমারা অভিযোগ উড্রো করলাম’।
চলতি এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণকারি কয়েকজন শিক্ষার্থী গত শনিবার(২৯ এপ্রিল) অধ্যক্ষের বিরুদ্ধে প্রবেশপত্র আটকিয়ে ৮২৫ টাকা করে আদায়ের অভিযোগ করলে বুধবার বেলা ১১টার দিকে ওই ছাত্র-ছাত্রীদেরকে অফিস কক্ষে ডেকে নিয়ে এভাবে তিনি শাসান। কয়েকজন শিক্ষার্থী ওই সময়ে রুঢ় মেজাজে থাকা অধ্যক্ষ জেসমিন আক্তারের কথাগুলো গোপনে মোবাইল ফোনে রেকর্ড করে বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেন।
এ ঘটনায় বুধবার বিকেল ৩ টার দিকে জেলা প্রশাসক মো. আজিজুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ৪ জন এসএসসি ভোকেশনাল বিভাগের পরীক্ষার্থী। অভিযোগের একাংশে তারা লিখেছেন,‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দিবেন। প্রবেশপত্রের বিনিময়ে ধার্যকৃত ৮২৫ টাকা করে দিয়ে তার পা ধরে মাফ চাইতে হবে। প্রতিজনকে ৪৮ হাজার টাকা দিয়ে বোর্ড থেকে পাশ করে আসতে হবে’।
এ বিষয়ে ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, প্রথম অভিযোগের প্রেক্ষিতে কোন প্রকার টাকা ছাড়াই পরীক্ষার্থীদের প্রবেশপত্র দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে আবারও একটি অভিযোগ পেয়েছি। উভয় অভিযোগের তদন্ত চলছে। আগামি শনিবার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
