একজন পরীক্ষার্থী ফেল করলে দায় নিতে হবে শিক্ষককে

ফরিদপুরঃ ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার বলেছেন, এসএসসি পরীক্ষায় একজন ছাত্র যদি ফেল করে, তাহলে এর দায় ওই বিদ্যালয়ের শিক্ষককে নিতে হবে। আর যদি কোনো শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের ঠিকমতো পড়ালেখা না করান, আর এর সত্যতা পাওয়া যায় ওই শিক্ষকের বেতন বন্ধ করে দেওয়া হবে।

রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশে কামরুল আহসান তালুকদার বলেন, সন্তানদের লেখাপড়া করানোর দায়িত্ব আপনাদের। আর অর্থ দেবে সরকার।

তিনি বলেন, ফরিদপুর জেলায় যেন একটি শিক্ষার্থীও টাকার অভাবে পড়ালেখা বন্ধ না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, কাইচাইল ইউপি চেয়ারম্যান মোস্তফা হোসেন খান প্রমুখ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৫/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.