এসএসসি: শরীয়তপুরে অনুপস্থিত ৩১৩ জনের মধ্যে মেয়ে ২০৯

শরীয়তপুরঃ জেলায় এসএসসি পরীক্ষার ৩৩টি কেন্দ্র ও জেলা কারাগারে একজনসহ মোট শিক্ষার্থী উপস্থিত হয়েছেন ১৪ হাজার ৫৫৫ জন। অনুপস্থিত ৩১৩ জন শিক্ষার্থীর মধ্যে ২০৯ জন ছাত্রী।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শরীয়তপুরে এ বছর এসএসসি পরীক্ষায় মোট ১৪ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু ৩১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এরমধ্যে ২০৯ জনই মেয়ে শিক্ষার্থী।

জেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার প্রধান অফিস সহকারী মো. ফরহাদ হোসেন জানান, অনুপস্থিত স্কুল শিক্ষার্থী ২১৫ জনের মধ্যে ১৫০ জন মেয়ে, ৬৫ জন ছেলে। মাদ্রাসায় ৭৯ অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৫১ ও ছেলে ২৮ জন। এছাড়াও কারিগরি ভোকেশনাল শাখা থেকে ১৯ জন অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে মেয়ে ৮ জন ও ছেলে ১১ জন। কারিগরি ভোকেশনাল ছাড়া স্কুল ও মাদ্রাসায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থী অনুপস্থিত বেশি।

জানা গেছে বাল্যবিয়ে, দারিদ্রতা, বিদেশগমনসহ বিভিন্ন কারণে পরীক্ষায় অংশগ্রহণ করেনি এসব শিক্ষার্থীরা। অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীরা সংখ্যায় বেশি হলেও উপজেলা ও জেলা শহরের অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক বেশি। এর প্রধান কারণ বাল্যবিয়ে।

শরীয়তপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন বাল্যবিবাহ ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভিন্ন কার্যক্রম করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার নারী শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করলেও শিক্ষার্থীদের মা-বাবা এখন পর্যন্ত পুরোপুরি সচেতন নন। মেয়ে শিক্ষার্থীদের হাই স্কুলে ভর্তির পরেই বিয়ে দিয়ে দেওয়া হয় এখনও। সরকার মেয়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। বাবা-মায়ের উচিত অল্প বয়সে মেয়েকে বিয়ে না দিয়ে পড়াশোনা করানো। তাহলে পুরুষের সঙ্গে তাল মিলিয়ে মেয়েরাও এগিয়ে যেতে পারবে।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা বলেন, বাল্যবিয়ে, বাবা-মায়ের অসচেতনতা, দারিদ্রতা ও দুর্গম চরাঞ্চল মেয়ে শিক্ষার্থীদের অনুপস্থিত হওয়র ক্ষেত্রে প্রধান কারণ। সরকার বাল্যবিয়ে নিয়ে যে আইন করেছে, তা সবাই মানলে মেয়ে শিক্ষার্থীরা সংখ্যায় বেশি হতো না অনুপস্থিত হিসেবে। বাবা, মা ও শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বাল্যবিয়ে রোধে কাজ করেন।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, কী কারণে অনুপস্থিত তা ওই শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা না বলে বলা যাবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.