গাইবান্ধাঃ প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে পারেনি গোবিন্দগঞ্জের চার শিক্ষার্থী। পরীক্ষা দিতে না পারায় আজ রোববার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় সহপাঠীদের নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
জানা গেছে, উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম, শাম্মি খাতুন, নুসরাত খাতুন ও খাদিজা খাতুনের কাছ থেকে নবম শ্রেণিতে পড়ার সময় ৩৫০ টাকা করে নিবন্ধন ফি নেন অফিস সহকারী জিল্লুর রহমান। এরপর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে (২০২৩) এসএসসি শিক্ষাবর্ষে পরীক্ষার ফরম পূরণ বাবদ ১০৩ শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ফি নেন তিনি।
এর মধ্যে ৯৯ জনের মধ্যে নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র বিতরণ করা হলেও চার শিক্ষার্থীকে কোনো কাগজপত্র দেওয়া হয়নি। ফলে তারা চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ও অফিস সহকারী তাদের নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র দেওয়ার কথা বলেন, কিন্তু পরীক্ষার দিন পর্যন্ত তা দেওয়া হয়নি। ফলে তারা কয়েকজন পরীক্ষা দিতে পারেনি। এর বিচার কে করবে?
এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক কাজী মো. রওশন হায়দার ও অফিস সহকারী জিল্লুর রহমানকে পাওয়া যায়নি। তাঁদের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, এখানে প্রধান শিক্ষক বা অফিস সহকারীর কোনো দোষ নেই। শিক্ষা বোর্ড থেকেই এই সমস্যা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
