এইমাত্র পাওয়া

মালয়েশিয়ায় দেড় লাখ কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

ঢাকাঃ বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী যাওয়ার সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এ দিকে মালয়েশিয়ায় ১৮ মার্চ ২০২৩ থেকে নতুন ডিমান্ড অনুমোদন বন্ধের কথা বলা হলেও বাস্তবে বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে ১৮ মার্চের পর অনুমোদিত ডিমান্ড জমা হওয়ার সংখ্যা, বরং দ্বিগুণেরও বেশী বৃদ্ধি পেয়েছে।

প্রতিদিন প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগের ডিমান্ড হাই কমিশনের অনলাইন পোর্টালে জমা হচ্ছে।

গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) মাই মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্যটি জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

তিনি জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় তিন লক্ষ ৮০ হাজার নতুন শ্রমিক নিয়োগের ডিমান্ড দূতাবাসের পোর্টালে জমা হয়েছে এবং প্রতিদিন নতুন ডিমান্ড জমার ধারা অব্যাহত আছে। এমনকি ২৮ এপ্রিল প্রায় তিন হাজার নতুন শ্রমিকের ডিমান্ড হাই কমিশনের পোর্টালে জমা পড়েছে।

ইতোমধ্যে প্রায় দুই লাখ ৬০ হাজার শ্রমিক নিয়োগের ডিমান্ড সত্যায়িত করেছে হাই কমিশন এবং এ পর্যন্ত প্রায় এক লক্ষ ৫০ হাজার নতুন কর্মী মালয়েশিয়া এসে পৌঁছেছেন।

হাইকমিশনে ডিমান্ড সত্যায়ন প্রক্রিয়া যথাসম্ভব দ্রুততার সাথে চলমান আছে। এ ধারা অব্যাহত থাকলে আশাকরি ২০২৩ সালের শেষ নাগাদ মালয়েশিয়ায় প্রায় ৫ লক্ষ নতুন বাংলাদেশী কর্মী কর্মসংস্থানের অনুমোদন পাবেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর সমঝোতা স্মারক সই হওয়ার পর, গেল বছরের ৮ আগস্ট থেকে কর্মী যাওয়া শুরু হয় মালয়েশিয়ায়। সেই থেকে নিয়মিত কর্মী যাচ্ছে দেশটিতে। শুরুতে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর অনুমোদন পায় এরপর আরও দুই দফায় ৭৫ এজেন্সিকে অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। সব মিলিয়ে এখন ১০০ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাচ্ছে দেশটিতে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.