বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষা দেয়া অনিশ্চিত ২০ শিক্ষার্থীর

 নিজস্ব প্রতিবেদক।।

আগামী ৩০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের (২০২৩) এসএসসি, এসএসসি সমমান দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। সারাদেশের পরীক্ষার্থীরা যখন লেখাপড়ায় ব্যস্ত, তখনও প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছেন বগুড়ার শেরপুর উপজেলার মধ্যভাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০ জন পরীক্ষার্থী। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশাপাশি দূশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছেন অভিভাবকরাও।

পরীক্ষার্থীরা জানান, ফরম পূরণের খরচ বাবদ টাকা যথাসময়ে প্রদান করলেও কেন তাদের প্রবেশপত্র এলনা এ নিয়ে তারা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন সদুত্তর পায়নি। এমন ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষকদের গাফিলতিকেই দায়ী করছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা।

নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, অনেক স্বপ্ন নিয়ে পড়াশুনা করেছি। মাদরাসার স্যাররা যখন যে টাকা ও যে তথ্য চেয়েছে তাই দিয়েছি। যা করতে বলেছে তাই করেছি। তারপরও আমাদের প্রবেশপত্র কেন আসেনি? আমাদের ভবিষ্যত নিয়ে তারা এমন খেলা কেন খেলল? যেকোন মূল্যে আমরা পরীক্ষা দিতে চাই।

বিল্টু (ছদ্মনাম) এক অভিভাবক বলেন, এই মাদরাসা থেকে এবার ২০জন শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়ার কথা। এর মধ্যে একজন শিক্ষার্থীরও প্রবেশপত্র আসেনি। আমার মেয়ে যদি এবার পরীক্ষায় অংশগ্রহন না করতে পারে তাহলে আমি আদালতের আশ্রয় নিব বলেন জানান এই অভিভাবক।

এ ব্যাপারে (২৮ এপ্রিল) শুক্রবার সকাল ১০ টায় মধ্যভাগ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আকবর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন (মাদ্রাসা বোর্ড) ঢাকায় আছি। বোর্ডের নির্দেশনা মতে, মাদ্রাসার শিক্ষকদের অবহেলার কথা উল্লেখ করে (শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নামসহ) অঙ্গীকারনামা দিয়েছি। ২৯ এপ্রিল শনিবার প্রবেশপত্র হাতে পাব বলে আশা করছি। শুক্র-শনি সরকারী ছুটির বিষয়ে তিনি বলেন, বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। তারাও প্রবেশপত্র দিতে চেয়েছে।

গাফিলতির কথা স্বীকার করে সুপার বলেন, মাদ্রাসাটি ননএমপিও হওয়ায় অধিকাংশ শিক্ষক পরিবারের খরচ মেটাতে নানা ধরণের কর্মে ব্যস্ত থাকেন। তার প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে কেউ কেউ রং মিস্ত্রি এমনকি অটোচালকও রয়েছেন। সরকারের সুনজরে প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হলে ভাল ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রাখার সাথেসাথে এমন ভুল হবেনা বলেও তিনি নিশ্চিত করেন।

জানতে চাইলে শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.