এইমাত্র পাওয়া

‘শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি সহ্য করব না’

দুৃর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন,বদলি প্রক্রিয়া এখন অনলাইনে হবে। শিক্ষক বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় তদবির বরদাশত করা হবে না। তদবির করা ও ঘুষ খাওয়া একই দুর্নীতি। ফলে তদবীরবাজরা সাবধান। শিক্ষা বিভাগের বদলি ও নিয়োগ প্রক্রিয়ায় সচিব থেকে শুরু করে যারাই দুর্নীতির সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১ নভেম্বর) রাজশাহীতে শহীদ এএইচএম কামরুজ্জামান মিলনায়তনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ সামাজিক উদ্বুদ্ধকরণ জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছ হতে হবে। আপনারা এবার দেখেছেন পুলিশের নিয়োগ প্রক্রিয়া। আমরা অনিয়ম বন্ধ করতে পেরেছি। আমি পুলিশকে সাধুবাদ দিয়েছি। একেবারে দুর্নীতিমুক্তভাবে, কারো কথা না শুনে পুলিশের নিয়োগ হয়েছে। শিক্ষক নিয়োগ হবে, কারো তদবিরে নয়। শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্নীতি সহ্য করা যাবে না। আমরা সহ্য করব না।’

তিনি বলেন, ‘শিক্ষকের পেনশন নিতে গিয়ে কী ভোগান্তি! সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। যারা অপরাধী, তাদের আমরা ধরেছি। আমরা ঘুষ হাতেনাতে ধরেছি। আমাদের কেউ হাত বেঁধে দেয়নি। আমরা যেকোনো লোককেই ধরতে পারি। দুর্নীতি করলেই ধরা হবে। কোনো অনুমতি নিয়ে আমরা কাউকে ধরব না। আমরা সেটা দেখিয়ে দিয়েছি।’

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজ শুধু দুর্নীতিবাজদের ধরাই না, তাদের মূল কাজ হচ্ছে দুর্নীতি যাতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। এজন্য মানসম্মত শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছি। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলেও মনে করেন দুদক চেয়ারম্যান।

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সচিব আকরাম আল হোসেন, মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.