বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষক রেজাউল করিম পান্না গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ ছাড়াও দীর্ঘদিন বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া সদর থানার সামনে শুক্রবার (২১ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। এসময় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যাপক পান্না মোটরসাইকেলযোগে কবি নজরুল ইসলাম সড়ক হয়ে শহরের সাতমাথা অভিমুখে যাচ্ছিলেন। সদর থানার সামনে দুর্বৃত্তরা তার ওপরে হামলা চালায়। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে ধারাল অস্ত্র দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। ছুরিকাঘাতের পরপরই দুর্বৃত্তরা পালাতে গেলে ধারাল অস্ত্রসহ একজনকে জনতা আটক করে। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটক সম্রাট মেনদী খায়রুল (৪০) বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
ছুরিকাহত অধ্যাপক পান্নাকে পুলিশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন জানান, আটক সম্রাট এলাকার চিহ্নিত অপরাধী। কিছুদিন আগেও সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। অধ্যাপক পান্নার ওপর হামলার পর আটক করে সম্রাটকে থানায় নেওয়ার পর সে দাবি করেছে জমিজমা নিয়ে বিরোধের কারণে সে এই হামলা চালায়। তবে নিহতের পরিবার থেকে এমন কোনো বিরোধের বিষয়টি অস্বীকার করা হয়েছে। তার মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
