সুনামগঞ্জঃ সুনামগঞ্জ হাওরে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ সময় একসঙ্গে তিন মন্ত্রী ধান কাটেন।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ধান কাটা উৎসবে যোগ দেন।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রতিবছর হাওরে আগাম বন্যার কারণে কৃষকদের ধান ঘরে তোলার আগেই তলিয়ে যায়। তবে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। এরই মধ্যে হাওরের ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। এ বছর ধানের যে দাম নির্ধারণ হয়েছে তা থেকে কৃষকরা অনেক লাভবান হবেন।
ধানের দাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম যেমন আছে তেমন থাকবে। কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাক সেটা আমরা চাই। আশাকরি কৃষক তার ধানের উপযুক্ত মূল্য পাবে।
চলতি সপ্তাহে আগাম বন্যার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা প্রকৃতির সঙ্গে লড়াই করতে পারবো না। এটা উচিত নয়। তবে প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে ফসলের উৎপাদন সময় সময় কমিয়ে আনতে হবে। এতে অকাল বন্যা থেকে বাঁচা সম্ভব।
ধান কর্তন উদ্বোধেনের সময় বিরোধীদলীয় হুইপ ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে ধানকাটা উৎসব উপলক্ষে কৃষক ও সর্বসাধারণের সঙ্গে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
