এইমাত্র পাওয়া

বাড়িতে গাছ কাটতে ডাকলেন শিক্ষক, চাপা পড়ে ছাত্রের মৃত্যু

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে গাছচাপা পড়ে ইব্রাহীম খলিল সাগর (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান রিয়াজের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম খলিল সাগর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের নুর নবী সওদাগরের ছেলে। তিনি স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামান রিয়াজ একই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সাগরসহ কয়েকজনকে তার বাড়িতে গাছ কাটতে নিয়ে যান। সেখানে একটি বড় গাছের টুকরো চার ছাত্র মিলে নিয়ে যাচ্ছিল। এ সময় অন্য তিন জন ছাত্র গাছের টুকরাটি ছেড়ে দিলে সাগর ওই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

অভিযোগের বিষয়ে জানতে মফিজিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুজ্জামানের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান রিয়াজ পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.