প্রশিক্ষণার্থী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রশিক্ষণের সম্মানীর টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য অপরিচিত কোনো ব্যক্তিকে না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সম্মানীর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্ট ও ডেবিট-ক্রেডিট কার্ডের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তারা বিভিন্ন নম্বর থেকে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রশিক্ষণ সম্মানী দেওয়া হবে বলে এটিএম কার্ড, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের সতর্ক করেছে অধিদপ্তর।

অধিদপ্তরে প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক ড. নীহার পরভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা প্রতি বছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেওয়া হয়। সম্প্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের সম্মানী দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীর কাছ থেকে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চাইছে। এ ধরনের কাজের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জড়িত নয়। প্রশিক্ষণের সম্মানীর ক্ষেত্রে প্রশিক্ষণার্থীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো তথ্য অপরিচিত কোনো ব্যক্তিকে না দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের বলা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে শিক্ষকদের মুঠোফোনে কল করে প্রশিক্ষণ সম্মানীর টাকা পাওয়ার কথা বলে এটিএম কার্ডের তথ্য চাওয়া হয়েছে। রাজধানীর দুজন শিক্ষক জানিয়েছেন +৮৮০১৯২৯০৮৯৪০৬ ও +৮৮০১৯২৯০৮৯৪০৬ নম্বর থেকে ফোন করে তাদের কাছে টাকা চাওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.