এইমাত্র পাওয়া

ঢাবির সিজিএসের নতুন পরিচালক হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জোনোসাইড স্টাডিজে (সিজিএস) নতুন পরিচালক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ এপ্রিল) ঢাবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে (কার্জন) বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মঙ্গলবার তাকে এই নিয়োগ প্রদান করেন।

এর আগে সিজিএস বিভাগের পরিচালক ছিলেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। তার লেখা ‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধবিষয়ক কয়েকটি সংগঠন।

এতে করে নতুন পরিচালক নিয়োগ দিয়ে কী ড. ইমতিয়াজ আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে- এ নিয়ে বিভিন্ন মাধ্যমে উঠেছে প্রশ্ন।

জানতে চাইলে ইমতিয়াজ আহমেদ বলেন, ৬ এপ্রিল থেকে আমার এলপিআর শুরু হয়ে গেছে। আমি ৩ এপ্রিল জানিয়ে দিয়েছি, তারা যেন নতুন একজনকে নিয়োগ করে। গতকালও আমি বলে দিয়েছি যেহেতু আমার এলপিআর শুরু হয়ে গেছে সেহেতু আমি আর এটার ডিরেক্টর না।

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ফোন করা হলে তিনি বলেন, আমরা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজে নতুন ডিরেক্টর নিয়োগ দিয়েছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.