নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গণ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতিমান পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আবুল হোসেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশক্রমে অধ্যাপক ড. মো. আবুল হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর, গণ বিশব্বিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর।
অধ্যাপক ড. মো. আবুল হোসেন ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০২১ সালের ১৩ ডিসেম্বর তিনি গণ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান। গত বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
ড. মো. আবুল হোসেন ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভাগীয় প্রধান, ডীন, সিন্ডিকেট, সিনেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
দেশের খ্যাতিমান এই পদার্থ বিজ্ঞানী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন এবং দেশি বিদেশি জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ রয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

