হিজাব ছাড়া রেস্টুরেন্টে ঢুকতে বারণ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ আফগানিস্তানের হেরাত প্রদেশে হিজাব ছাড়া পার্কসহ সব রেস্টুরেন্টে নারীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। নারীরা হিজাব না পরায় ধর্মগুরুদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আফগান কর্মকর্তারা। মঙ্গলবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে সোমবার (১০ এপ্রিল) ফক্স নিউজের প্রতিবেদনে জানানো হয়, পার্ক এবং রেস্টুরেন্টে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা শুধু হেরাত প্রদেশের জন্য প্রযোজ্য। তবে পুরুষদের জন্য এই জায়গাগুলো উন্মুক্ত থাকবে। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে হেরাতের ভাইস অ্যান্ড ভার্চু ডিরেক্টরেটের একজন উপ-কর্মকর্তা বাজ মোহাম্মদ নাজির রেস্টুরেন্টে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি অস্বীকার করেছেন এবং সম্পূর্ণ বিষয়টিকে গুজব বলে আখ্যায়িত করেছেন।

বাজ মোহাম্মদ নাজির বলেন, ধর্মীয় নেতারা অভিযোগ তোলার পর আমরা কিছু এলাকা পুরুষ এবং নারীদের জন্য সীমাবদ্ধ করেছি। বিশেষ করে সেই এলাকাগুলো যেখানে পুরুষ এবং নারীদের একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আমরা রেস্টুরেন্টগুলো বন্ধ করে দিয়েছি।

হেরাতের ভাইস অ্যান্ড ভার্চু ডিরেক্টরেটের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, ‘আমরা যে রেস্টুরেন্টটি বন্ধ করেছি তা দেখতে পার্কের মতো ছিল এবং নারী-পুরুষরা সেখানে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছিল। তাই সেই রেস্টুরেন্ট বন্ধ করে সংশোধন করা হচ্ছে।

২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর তালেবানরা নারীদের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে। এর আগে মেয়েদের ষষ্ঠ শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় নিষেধাজ্ঞা, জাতিসংঘে চাকরিসহ বেশিরভাগ ধরনের কর্মসংস্থান বন্ধ করা হয়েছে।

যদিও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, জাতিসংঘের জন্য কাজ করছে এমন নারীদের ওপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আফগানিস্তানে এমন লিঙ্গ বৈষম্য সহ্য করা হবে না। তালেবানের সাহায্য কার্যক্রম পুনর্বিবেচনা করা হবে। জাতিসংঘ বলেছে, তাদের সংস্থায় নারীদের কাজ নিষিদ্ধ করার পর থেকে ৩ হাজার ৩০০ পুরুষ ও নারী কর্মী ঘরেই থেকেছেন।

চলতি বছরের ২৩ মার্চ সব স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান। কিন্তু পরবর্তী সময়ে তারা মেয়েদের জন্য মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়। স্কুলগুলো আবার কখন খুলবে এবং মেয়েদের ওপর শিক্ষার নিষেধাজ্ঞা তোলা হবে কি না সে বিষয়ে এখনো কিছু জানায়নি তালেবান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.