এইমাত্র পাওয়া

বেশিবেশি মডেল টেস্ট দিতে থাকো

আ.খ.ম. ফারুক আহমদঃ  প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই এগুচ্ছে। এ পরীক্ষা নিয়ে একেবারেই দুশ্চিন্তা করবে না। বাড়তি চাপও অনুভব করবে না। লেখাপড়া যেমন তোমাদের স্বাভাবিক একটি কাজ। এ পরীক্ষায়ও তেমনি একটি স্বাভাবিক কাজ। এর বেশি কিছু নয়।

মনে রাখবে, গত দু’বছরে তোমরা যা লেখাপড়া করেছো, এ পরীক্ষায় সাফল্যের জন্য সেটাই যথেষ্ট। তাই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে আগে সব প্রশ্ন পড়বে। এরপর সবচেয়ে ভালো পারা প্রশ্নের উত্তর আগে লিখবে। উত্তরে প্রশ্নের নম্বর সতর্কতার সঙ্গে লিখবে যেন, ভুল না হয়। এখন বেশিবেশি মডেল টেস্ট দিতে থাকো।

অভিভাবকদের উদ্দেশে বলছি, পরীক্ষার আগে সন্তানকে বাড়তি চাপ না দেওয়াই শ্রেয়। কেননা, সারা বছর যা লেখাপড়া করেছে, তার বেশি পরীক্ষার আগে আত্মস্থ করার সুযোগ নেই। এতে শিক্ষার্থী হতোদ্যম হয়ে যায়, যা তাকে ক্ষতিগ্রস্ত করে।

পরীক্ষার আগে স্বাস্থ্যগত সুরক্ষা ও শারীরিক সুস্থতা খুব জরুরি। পরীক্ষার আগের রাতে বেশি জেগে থাকার প্রয়োজন নেই। পাঠ্যবইটি ভালো করে নজর দেবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে নিজ নিজ সিটে বসতে হবে তোমাদের। এটা বাধ্যতামূলক। তাই এ বিষয়টি মাথায় রেখে বাসা থেকে কেন্দ্রের দূরত্ব, যানজট, যানবাহনের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনায় নিয়ে যাত্রা শুরু করবে। এমনভাবে রওনা দেবে, প্রয়োজনে উল্লিখিত ৩০ মিনিটেরও ২০-২৫ মিনিট আগে যেন কেন্দ্রে পৌঁছাতে পারো। কেননা অযথা তাড়াহুড়ো তোমাদের মনে প্রভাব ফেলতে পারে।

কালো বলপয়েন্ট কলম দিয়ে পরীক্ষা দেবে। ওভাররাইটিং করবে না। অনেক শিক্ষার্থী খাতায় ভুল হলে একটানে কেটে দেয়, আবার অনেকে হিজিবিজি করে অনেক কালি দিয়ে কাটে। যে একটানে কেটে দেয়, সেটাও কাটা। আর যে হিজিবিজি করে অনেক বেশি কাটে সেটাও কাটা। বেশি কাটাকাটি করলে খাতাটা দেখতে সুন্দর লাগে না। একটা কথা আছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী। একটা খাতায় যখন অনেক কাটাছেঁড়া, অনেক অগোছালো লেখা, বানান ভুল, লেখার লাইনগুলোও বাঁকা- তখন পরীক্ষক মনে করেন শিক্ষার্থী ভালো নয়। তাই নম্বর কমে আসতে পারে। ওএমআর শিট পূরণে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে। স্বাস্থ্যের দিকে নজর রাখবে। বেশি রাত জেগে পড়বে না। প্রশ্ন বুঝে যথাযথ উত্তর করলে অবশ্যই কাক্সিক্ষত ফলাফল পাবে, ইনশাআল্লাহ।

লেখকঃ প্রধান শিক্ষক, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.