এইমাত্র পাওয়া

চার সপ্তাহের মধ্যে যে রুলের জবাব দিতে হবে শিক্ষা সচিবকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের জাতীয় স্লোগান “জয় বাংলা”র সঙ্গে “জয় বঙ্গবন্ধু” গেজেটে কেন অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে  শিক্ষা মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (৩ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেন।

এর আগে ২০২২ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় স্লোগান “জয় বাংলা”র সঙ্গে “জয় বঙ্গবন্ধু” গেজেটে অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ১৩ আইনজীবী। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। আদলতে শুনানিকালে ১৩ আইনজীবী উপস্থিত ছিলেন।

তারও আগে ২০২২ সালের ২০ জুন বাংলাদেশের জাতীয় স্লোগানের সঙ্গে “জয় বঙ্গবন্ধু” যুক্ত করতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়। সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী এ নোটিশ প্রেরণ করেন।

এই ১১ আইনজীবী হলেন- অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, মো. আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, রফিকুল ইসলাম ফারুক, মো. হামিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মো. রায়হান কাওসার, এএসএম শহীদ উল্লাহ, এবিএম শাহজাহান আকন্দ মাসুম, মো. এহসান হাবিব এবং কুমার ডি. উজ্জ্বল।

নোটিশে বলা হয়, “জয় বাংলা”কে জাতীয় স্লোগান হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে। কিন্তু ইতিহাস থেকে দেখলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে জাতির মুক্তির পথ উন্মোচন করেছিলেন। তাই “জয় বঙ্গবন্ধু” শব্দকে বাদ দিয়ে শুধুমাত্র “জয় বাংলা” জাতীয় স্লোগান হতে পারে না। মুক্তিযুদ্ধকালে সকলেই “জয় বাংলা”র সঙ্গে “জয় বঙ্গবন্ধু” স্লোগান একসঙ্গে উচ্চারণ করতেন।

ওই নোটিশের জবাব না পেয়ে প্রতিকার চেয়ে পরে হাইকোর্টে রিট করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.