নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এরপর পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বিভিন্ন বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনসহ বিএনসিসি সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন উপাচার্য। এরপর বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এ সময় উপাচার্য বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। কারণ বঙ্গবন্ধু বাঙালির স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে পরিণত করেছিলেন এবং আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আমরা যদি আমাদের মন ও মননে এ বিষয়গুলোকে উপলব্ধি করে সে আলোকে জীবনকে পরিচালিত করতে পারি তাহলেই এ দেশটি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তথা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ও শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সঞ্চালনায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. শফিউল আলম, প্রক্টর ড. খোরশেদ আলম, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. তানজীন হোসেন, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি শাহাজাদা খান ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরর উপস্থিতিতে সভা শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত স্বাধীনতা দিবস সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে সব মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
