শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয়েছে গত সোমবার (২০ মার্চ)। চারটি ইউনিটে ৫ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে এবার ভর্তির জন্য আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। আগামী ২৯ এপ্রিল থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৩ মে।
গত ২৭ ফেব্রুয়ারি বিকেল চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন ফি ছিল এক হাজার টাকা। সোমবার আবেদন শেষ হয়। আগামী ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। ইতিমধ্যে বদলে ফেলা হয়েছে ইউনিটগুলোর নামও। আগে পরীক্ষা হতো ক, খ, গ, ঘ ও চ—পাঁচটি ইউনিটের অধীনে। নতুন চারটি ইউনিটের নাম হচ্ছে—কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এবার ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন এবং চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৯৭ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সময় শেষ। কিন্তু কিছু আবেদনের পেমেন্ট অনেক সময় ব্যাংকে আটকে থাকে। সেগুলো আসতে একটু দেরি হয়। খুব বেশি হলে আর ১০০টি আবেদন বাড়তে পারে, আবার একটিও নাও বাড়তে পারে।
পরীক্ষা কবে
ঘোষিত সময়সীমা অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা৷ এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।
চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। চারুকলার পরীক্ষা হবে ঢাকা কেন্দ্রে। সব ইউনিটের পরীক্ষাই হবে সংশ্লিষ্ট তারিখে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
