শিক্ষাবার্তা, ডেস্ক, ঢাকাঃ রাজশাহীতে রমরমা বাণিজ্য করছে কোচিং সেন্টারগুলো। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কোচিং সেন্টারগুলো অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার্থী পড়াশোনার বিজ্ঞাপন দিয়ে দেদারসে ক্লাস নিচ্ছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সরেজমিনে দেখা গেছে, নগরীর কাদিরগঞ্জ, বাটার মোড় ও হেতেম খাঁ এলাকায় যেন কোচিং সেন্টারের মেলা বসেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রাইভেট পড়ানোর জন্য নিজের মুঠোফোন নাম্বারসহ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। কয়েকটি ব্যাচে পড়াচ্ছেন শত শত শিক্ষার্থী। যা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২ এর পরিপন্থি।
এ নিয়ে কথা বলতে চাইলে শিক্ষকদের কেউ কেউ নীতিমালার বিষয়ে জানেন না বলে মন্তব্য করলেও কথা বলতে রাজি হননি রাজশাহী সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মতলেবুর রহমান ও রাজশাহী গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি অধ্যাপক আব্দুল করিম।
এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে শতভাগ ভর্তির নিশ্চয়তা দিয়ে কোচিং সেন্টারগুলো অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন কোচিং শিক্ষকদের হাতে।
অগ্রিম ফি নেয়ার বিষয়ে প্রশ্ন তুলতেই চটে যান নিউমার্কেট এলাকায় অবস্থিত জুয়েল কেমিস্ট্রি কোচিংয়ের স্বত্বাধিকারী নিজে। কোচিং সেন্টারগুলোর বাণিজ্যিক মনোভাবের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিভাবকরা। বর্তমানে তিন চারটি প্রাইভেট ও কোচিংয়ে ভর্তি হওয়া যেন শিক্ষার্থীদের ফ্যাশনে পরিণত হয়েছে।
হাবিবুর রহমান নামে এক অভিভাবক জানান, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাধ্য হয়ে দিতে হচ্ছে। তা না হলে ছেলে-মেয়ের পরীক্ষায় ফলাফল খারাপ হবে, সেজন্য দিতে হচ্ছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা নীতিমালা অমান্য করে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে নৈতিক স্খলনের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেন শিক্ষাবিদ অধ্যাপক মো. হবিবুর রহমান।
জেলায় কোচিং সেন্টার রয়েছে দুই শতাধিক। এরমধ্যে শতাধিক কোচিং সেন্টার নগরীর কাদিরগঞ্জ, বাটার মোড় ও হেতেম খাঁ এলাকায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
